শিরোনামোক্ত বিষয়ে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের আগস্ট ১৬, ২০১৬ তারিখের ৪০.০০.০০০০.০১৫.২৮.০০২.১৬.৩৮২ নম্বর ডিও পত্রের (কপি সংযুক্ত) প্রতি আপনাদের দৃষ্টি আকর্ষণ করা যাচ্ছে।
০২। এফই সার্কুলার পত্র নম্বর-১৮, তারিখ- জুন ১২, ২০১৬ এর মাধ্যমে শতভাগ রপ্তানিমুখী তৈরী পোশাক শিল্প প্রতিষ্ঠানের জন্য কেন্দ্রীয় তহবিল গঠনের লক্ষ্যে শিল্প প্রতিষ্ঠানের প্রতিটি কার্যাদেশের বিপরীতে প্রাপ্ত এবং নগদায়নকৃত রপ্তানি মূল্যের ০.০৩% হারে অর্থ কর্তন করতঃ সোনালী ব্যাংক লিমিটেড, রমনা কর্পোরেট শাখা, ঢাকায় “Central Fund (RMG Sector)” শিরোনামে এসএনডি হিসাবের অনুকূলে স্থানান্তর করা এবং সোনালী ব্যাংক হিসাবে স্থানান্তরিত অর্থ সম্পর্কিত তথ্য সচিব, কেন্দ্রীয় তহবিল পরিচালনা বোর্ডকে অবগত করার জন্য নির্দেশনা প্রদান করা হয়।
০৩। উক্ত সার্কুলারে প্রদত্ত নির্দেশনা শতভাগ রপ্তানিমুখী তৈরী পোশাক শিল্প প্রতিষ্ঠান সংশ্লিষ্ট ব্যাংক ব্যতীত অপরাপর ব্যাংকগুলো যথাযথভাবে পরিপালন করছে না মর্মে জানা যায়। কিছু কিছু ব্যাংক উল্লেখযোগ্য পরিমাণ এলসি নগদায়ন করলেও প্রতিবেদন প্রেরণ না করায় অর্থ কর্তনের বিষয়ে নিশ্চিত হওয়া যাচ্ছে না।
০৪। উপরোক্ত প্রেক্ষাপটে শতভাগ রপ্তানিমুখী তৈরী পোশাক শিল্প প্রতিষ্ঠানের প্রত্যাবাসিত রপ্তানিমূল্যের বিপরীতে ০.০৩% হারে কর্তনকৃত অর্থ যথানিয়মে সোনালী ব্যাংক হিসাবে জমাদান করে প্রতিমাসের জমাকৃত অর্থের প্রতিবেদন (অর্থ কর্তন না হলে শূন্য প্রতিবেদন) পরবর্তী মাসের ৭ তারিখের মধ্যে বাধ্যতামূলকভাবে সচিব, কেন্দ্রীয় তহবিল পরিচালনা বোর্ড, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ে দাখিলের বিষয়টি নিশ্চিত করার জন্য আপনাদের নির্দেশনা প্রদান করা যাচ্ছে।
আপনাদের সকল অনুমোদিত ডিলার ব্যাংক শাখাগুলোকে উপরোক্ত বিষয়ে প্রয়োজনীয় নির্দেশনা প্রদানের জন্য অনুরোধ করা যাচ্ছে।
Source: https://www.bb.org.bd/mediaroom/circulars/fepd/aug282016fepdl220.pdf