শিরোনামোক্ত বিষয়ে BCD CIRCULAR NO. 13 DATED 15.05.1993 এর প্রতি দৃষ্টি আকর্ষণ করা যাচ্ছে।
উক্ত সার্কুলারের মাধ্যমে Special Notice Deposit (SND) এর উপর প্রদেয় সুদের হার ব্যাংকসমূহ নিজেরাই নির্ধারণ করবে মর্মে নির্দেশনা প্রদান করা হয়েছিল। ব্যাংকসমূহ Short Term Deposit/SND/Call Accounts ইত্যাদি বিভিন্ন নামে এ হিসাবের নামকরণ করে হিসাব পরিচালনা করায় গ্রাহকভেদে ও মেয়াদভেদে সুদ হার প্রদানে তারতম্য লক্ষ্য করা যাচ্ছে। এতদ্ব্যতীত, নোটিশ প্রদান, সুদ হিসাবায়ন, চেক বই ইস্যু, চার্জেস/ফি নির্ধারণ প্রভৃতি বিষয়েও ভিন্নতা দেখ যাচ্ছে।
এ প্রেক্ষিতে, Special Notice Deposit (SND) হিসাব পরিচালনায় অস্পষ্টতা দূরীকরণ এবং সমরূপতা (uniformity) আনয়নকল্পে নিম্নবর্ণিত নীতিমালা পরিপালনীয় হবে মর্মে সিদ্ধান্ত গৃহীত হয়েছে ঃ
১) এ ধরণের হিসাব (যেমন- Short Term Deposit/SND/Call Accounts ইত্যাদি) কেবলমাত্র ’স্পেশাল নোটিশ ডিপোজিট (Special Notice Deposit)’ হিসাব নামে অবহিত হবে।
২) SND হিসাব হতে টাকা উত্তোলনের জন্য গ্রাহক কর্তৃক ন্যুনতম ৭ (সাত) দিনের নোটিশ প্রদান করতে হবে।
৩) এ হিসাব এর বিপরীতে আবশ্যিকভাবে চেক বই ইস্যু করতে হবে যাতে হিসাব হতে সরাসরি টাকা উত্তোলন করা যায়।
৪) SND হিসাবে দৈনিক সমাপনী স্থিতির (day end balance) ভিত্তিতে সুদ হিসাবায়ন করতে হবে এবং অর্জিত সুদ ষান্মাসিক ভিত্তিতে/হিসাব বন্ধের সময় ক্রেডিট করা যাবে।
৫) এ হিসাবের কোন নির্দিষ্ট মেয়াদ না থাকায় সুদের হার শুধূমাত্র আমানতের পরিমান ভেদে তারতম্য করা যাবে। গ্রাহকভেদে/মেয়াদভেদে সুদ হারে কোন তারতম্য করা যাবে না। এ হিসাবে প্রদত্ত সুদের হার কোন ক্রমেই সঞ্চয়ী হিসাবে প্রদত্ত সুদ হারের বেশী হবে না।
৬) এ হিসাব হতে মিনিমাম ব্যালেন্স ফি/ইনসিডেন্টাল চার্জ/লেজার ফি/সার্ভিস চার্জ আদায় করা যাবে না। শুধুমাত্র একাউন্ট মেইনটেনেন্স ফি এবং হিসাব বন্ধের ক্ষেত্রে হিসাব বন্ধকরন চার্জ আদায় করা যাবে। তবে, একাউন্ট মেইনটেনেন্স ফি বাবদ ষান্মাসিক ভিত্তিতে ৫০০/- টাকার অধিক এবং হিসাব বন্ধের ক্ষেত্রে হিসাব বন্ধকরন চার্জ বাবদ ৩০০/- টাকার অধিক আদায় করা যাবে না।
৭) SND হিসাব এর ক্ষেত্রে গড় আমানত স্থিতির ভিত্তিতে নিম্নবর্ণিত ৫টি ভাগে সুদ হার ঘোষণা করতে হবে। যথা ঃ
(ক) ১ কোটির কম (খ) ১ কোটি ও তদুর্ধ্ব কিন্তু ২৫ কোটির কম (গ) ২৫ কোটি ও তদুর্ধ্ব কিন্তু ৫০ কোটির কম (ঘ) ৫০ কোটি ও তদুর্ধ্ব কিন্তু ১০০ কোটির কম (ঙ) ১০০ কোটি ও তদুর্ধ্ব।
৮) ঘোষিত (Published/Announced) সুদ হারের বাইরে কোন হার প্রদান করা যাবে না।
৯) ঘোষিত (Published/Announced) সুদ হার স্ব স্ব ব্যাংকের ওয়েব সাইটে নিয়মিতভাবে আপলোড করতে হবে।
১০) এতদসংগে সংযোজিত ”বিআর-১৫ (সংশোধিত)” ছকে এ ধরনের আমানত হিসাবের জন্য প্রতিমাসে ঘোষিত/প্রস্তাবিত (offered) সুদ হার সংশ্লিষ্ট মাসের ৭ (সাত) তারিখের মধ্যে ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগে আবশ্যিকভাবে দাখিল করতে হবে। তাছাড়া সুদ হারে কোনরূপ পরিবর্তন করা হলে তা আবশ্যিকভাবে ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগকে অবহিত করতে হবে এবং স্ব স্ব ব্যাংকের ওয়েব সাইটে আপলোড করতে হবে।
এ নির্দেশ অবিলম্বে কার্যকর হবে।
অনুগ্রহপূর্বক প্রাপ্তি স্বীকার করবেন।
সংযোজনীঃ বর্ণনা মোতাবেক।