০১। শিরোনামোক্ত বিষয়ে জারিকৃত FEPD CIRCULAR NO. 09 DATED 05.03.2001 ও এতদ্বিষয়ে পরবর্তীতে জারিকৃত এফই সার্কুলার/সার্কুলার পত্রসমূহের প্রতি দৃষ্টি আকর্ষণ করা যাচ্ছে।
০২। সরকার কর্তৃক গৃহীত সিদ্ধান্ত অনুযায়ী রপ্তানিমূখী দেশীয় বস্ত্রখাতের ওভেন, নিটিং ও টেরি টাওয়েল এর জন্য প্রচলিত ডকুমেন্টারী কালেকশনের পাশাপাশি টিটি’র মাধ্যমে অগ্রিম প্রত্যাবাসিত রপ্তানি আয়ের বিপরীতে নিম্নোক্ত শর্তাবলী পরিপালন সাপেক্ষে নগদ সহায়তা প্রদেয় হবেঃ
(ক) বিদ্যমান বৈদেশিক মুদ্রা লেনদেন ব্যবস্থায় রপ্তানির নিমিত্তে প্রাপ্ত রপ্তানি ঋণপত্রের বিপরীতে বিলম্বে মূল্য পরিশোধ ব্যবস্থায় অভ্যন্তরীণ ব্যাক টু ব্যাক ঋণপত্র স্থাপন করা হয়ে থাকে এবং প্রত্যাবাসিত রপ্তানি মূল্য থেকে অভ্যন্তরীণ সরবরাহের দায় পরিশোধ করা হয়। টিটি’র মাধ্যমে অগ্রিম রপ্তানি মূল্য প্রাপ্তির ক্ষেত্রে বিলম্বে মূল্য পরিশোধ ব্যবস্থায় অভ্যন্তরীণ ব্যাক-টু-ব্যাক ঋণপত্র স্থাপনের প্রয়োজন হবে না বিধায় সাইট ভিত্তিক অভ্যন্তরীণ ব্যাক টু ব্যাক ঋণপত্রের মাধ্যমে স্থানীয়ভাবে উপকরণাদি সংগ্রহ এবং প্রত্য রপ্তানিকারক কর্তৃক প্রাপ্ত অগ্রিম মূল্য দ্বারা উক্ত দায় নিস্পত্তি করা যাবে। উপকরণাদি সংগ্রহের জন্য স্থাপিত সাইট ভিত্তিক অভ্যন্তরীণ ব্যাক টু ব্যাক ঋণপত্রে নগদ সহায়তার প্রাপক পরে নাম উল্লেখ থাকতে হবে।
(খ) টিটি’র মাধ্যমে অগ্রিম রপ্তানি মূল্য পরিশোধের শর্তযুক্ত ঋণপত্র/চুক্তিপত্রের বিপরীতে রপ্তানির ক্ষেত্রে অনুমোদিত ডিলার ব্যাংক শাখাকে বিদেশী ক্রেতার যথার্থতা/বিশ্বাসযোগ্যতা, মূল্যের সঠিকতা এবং বাংলাদেশ থেকে প্রকৃত রপ্তানির নিমিত্তে অগ্রিম মূল্য প্রত্যাবাসন সম্পর্কে টিটি বার্তার ভাষ্য ও অন্যান্য কাগজপত্রের ভিত্তিতে নিশ্চিত হতে হবে।
(গ) টিটি’র মাধ্যমে অগ্রিম মূল্য পরিশোধের শর্তটি ঋণপত্র/চুক্তিপত্রে সুনির্দিষ্টভাবে উল্লেখ থাকতে হবে। রপ্তানি পণ্যের সঠিকমূল্য ও পরিমাণ এবং বিদেশী ক্রেতার যথার্থতা/বিশ্বাসযোগ্যতা সম্পর্কে অগ্রিম মূল্যের প্রাপক প্রত্য রপ্তানিকারকের সংশ্লিষ্ট এসোসিয়েশন কর্তৃক প্রত্যায়িত হতে হবে।
(ঘ) টিটি’র মাধ্যমে অগ্রিম মূল্য পরিশোধ সরাসারি ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে (এক্সচেঞ্জ হাউস ব্যতীত) রপ্তানি আদেশ প্রদানকারী বা আমদানিকারক কর্তৃক সম্পন্ন হতে হবে এবং টিটি বার্তার ভাষ্যে আমদানি সংশ্লিষ্ট তথ্যসূত্র উল্লেখ থাকতে হবে।
০৩। বস্ত্রখাতে নগদ সহায়তা পরিশোধের ক্ষেত্রে আলোচ্য সুবিধাটি সার্কুলার জারীর তারিখ বা তার পরবর্তী সময়ে জাহাজীকৃত পণ্য রপ্তানির বিপরীতে প্রযোজ্য হবে।